বগুড়া ও রাজশাহীতে ‘সন্ত্রাসী হামলার’ ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান রাজনৈতিক সহিংসতায় গতকাল বগুড়ায় এফবিসিসিআই’র পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ মমতাজউদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও কয়েকটি গাড়িতে সন্ত্রাসী হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে এফবিসিসিআই। এতে বলা হয়, হামলায় তিনি আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ আহত হয়েছেন। এফবিসিসিআইয়ের পরিচালক এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী নেতার উপর পরিকল্পিত এ ধরনের নগ্ন সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টা কোনভাবেই কাম্য নয়।
সেইসাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র কার্যালয়ে সন্ত্রাসী হামলায় চেম্বার ভবনের ব্যাপক ভাংচুর ও ক্ষয়ক্ষতিতে তীব্র নিন্দা ও উত্কণ্ঠা প্রকাশ করেছে এফবিসিসিআই। এ ধরনের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি এফবিসিসিআই আহ্বান জানিয়েছে।
