প্রবীণ রাজনীতিবিদ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামীকাল মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে আসছেন। এ উপলক্ষে পুরো কমপ্লেক্স ভবন বর্ণিল সাজে সাজানো হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী ব্যবস্থাপক রাজিব প্রসাদ সাহা ও পরিচালক প্রতিভা মুত্সুদ্দি।
গতকাল রবিবার কুমুদিনী কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, পুরো এলাকাজুড়ে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। চারপাশের গাছপালা কেটে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ক্যাম্পাস জুড়ে বিভিন্ন রং-বেরংয়ের পতাকা, প্ল্যাকার্ড ও ফেস্টুন লাগানো হয়েছে। প্রণব মুখার্জির ১ ঘন্টা ২০ মিনিটের এই সফরকে কেন্দ্র করে কারো মধ্যেই উত্সাহ-উদ্দীপনার কোন কমতি নেই।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ও মুখপাত্র ডা. দুলাল চন্দ্র পোদ্দার ও দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তারা ইত্তেফাককে জানান, দুপুর ১ টা ৩০ মিনিটে প্রণব মুখার্জি বিশেষ হেলিকপ্টারে করে কমপ্লেক্সে আসবেন। সেখানে নার্সিং স্কুল ও কলেজ , উইমেন্স মেডিকেল কলেজ , ভারতেশ্বরী হোমসের ছাত্রীরা এবং কুমুদিনী পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। তিনি লাইব্রেরী মিলনায়তনে বিভিন্ন কারুকাজ ঘুরে দেখার পর চা চক্রে অংশ নেবেন। এরপর কমপ্লেক্সের বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভারত সরকারের আর্থিক সহায়তায় নির্মিতব্য বর্জ্য শোধনাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি যাবেন নারী জাগরণের অন্যতম বিদ্যাপীঠ ভারতেশ্বরী হোমসে। সেখানে ছাত্রীদের দেয়া সংবর্ধনা গ্রহণ শেষে ‘ডিসপ্লে’ উপভোগ করবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দুপুর ২টা ৫০ মিনিটে তিনি শ্বশুর বাড়ি নড়াইলের উদ্দেশ্যে কমপ্লেক্স এলাকা ত্যাগ করবেন।
রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে থাকছেন তার স্ত্রী শুভ্রা মুখার্জি, লোকসভার চার সদস্য, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তাগণ। এদিকে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরি। নিরাপত্তায় যেন কোন প্রকার ত্রুটি না হয় সে জন্য শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গভীর রাত পর্যন্ত সমন্বয় সভা হয়েছে। সভায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারী আর মাসাকুই, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ তানবীর, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক জুলফিকার আহমেদসহ জেলা-উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার ডেপুটি হাইকমিশনার মি. সন্ধীপ কুমার চক্রবর্তীর নেতৃত্বে ভারতীয় হাইকমিশনের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন।
