সেনাবাহিনী নামানো হয়নি :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:২৯
সেনাবাহিনী নামানোর পরিস্থিতি সৃষ্টি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বগুড়া সেনাবাহিনীর মাঠে নামার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বগুড়ায় সেনাবাহিনী মোতায়েনের সংবাদটি সঠিক নয়। তবে বগুড়ায় যেখানে ঘটনা ঘটেছে, তা সেনাক্যাম্পের সামনে। এ কারণে সেনাবাহিনী সেখানে কাজ করেছে। পরিস্থিতির যাতে আরো অবনতি না হয় সে জন্য তারা কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হরতালে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলের কোন বাধাই বন্ধুপ্রতীম দেশ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আগমন ব্যাহত করতে পারবে না। বর্তমানে সব পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। তিনি বলেন, প্রণবের আগমনের সময়ে হরতাল ডাকায় প্রমাণিত হয়েছে যে, তারা (হরতাল আহবানকারীরা) ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় না। মূলত তারা পাকিস্তানের বন্ধু। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ও মন্দিরে আগুন দেয়াকে বিচ্ছিন্ন ঘটনা অভিহিত করে তিনি বলেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যারা নিরীহ হিন্দু সমপ্রদায়ের ওপর হামলা চালিয়েছিলো, তাদের দোসররা এখন আবার একইভাবে হামলা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করে যারা এসকল রাজনৈতিক দলকে সমর্থন করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি মনে করে যে, আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল, তাহলে তারা ভুল করবে। রাজশাহীতে ট্রেনে আগুন দেয়ার বিষয়ে তিনি বলেন, রাজশাহীবাসীর অনুরোধেই ওই এলাকায় ট্রেন চালু করা হয়েছিলো। এখন তাদের বুঝতে হবে, কারা আগুন দিচ্ছে এবং কেনো দিচ্ছে। কক্সবাজারে আটকেপড়া পর্যটকদের বিষয়ে মন্ত্রী বলেন, আটকেপড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সরকার এরই মধ্যে উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত। জনগণের জানমাল রক্ষায় সবকিছু করতে এ সরকার বদ্ধপরিকর। যারা বিশৃংখলা সৃষ্টি করে খুন করছে তাদের উস্কানিদাতারাই এসব হত্যার জন্য দায়ী।