ফেসবুকে খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগ বিএনপির

আপডেট : ০৩ মার্চ ২০১৩, ২২:৩৫
প্রজন্ম চত্বরের ফেসবুকের ফ্যান পেজে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগ করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই হুমকিকে ক্রিমিনাল অফেন্স ও মানবতাবিরোধী বলে উল্লেখ করেন। তিনি বলেন, শাহবাগের নষ্ট, বিপথগামী, বিভ্রান্ত তরুণদের হুমকিতে বিএনপি বিচলিত নয়। রিজভী আরো বলেন, শাহবাগে সরকারি পৃষ্টপোষকতায় আন্দোলন করার নামে নাটকের মঞ্চ পাতা হয়েছে। এসব তরুণরা দেশের গণতন্ত্র এবং স্বাধীনতায় বিশ্বাস করে না। তিনি আরো বলেন, দেশে বিদেশিদের আগ্রাসনে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গণহত্যা চলছে। এ গণহত্যার সঙ্গে জড়িত আছে পুলিশ-যুবলীগ-ছাত্রলীগ। রিজভী অভিযোগ করেন, শুক্রবার রাতে প্রজন্ম চত্বরের ফেসবুক ফ্যানপেজে একটি স্ট্যাটাসে কমেন্ট করতে গিয়ে একজন লিখেছে, আমি রাগে অনবরত কাঁপতেছি/ ক্ষোভে অভিমানে ভাষায় প্রকাশ করতে পারবো না/ দেশে গণহত্যা চালাচ্ছে সরকার!!! - খালেদা জিয়া ; আমার মন চাইতেছে, খালেদারে মাইরা গণহত্যা শুরু করি। রিজভী বলেন, শাহবাগের আন্দোলন যখন প্রথম শুরু হয়েছিল তখন আমরা ৫/৬ দিন পর্যবেক্ষণ করেছি। তারা ৮০’র দশকের ছাত্রনেতাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। আমরাও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে মুখোশ উন্মোচন হয়ে গেছে। তারা সরকারের মদদে এই আন্দোলন করছে।