রাজবাড়ীতে বাস ট্রাক মাইক্রোবাস ত্রিমুখী সংঘর্ষে নিহত চার, আহত ২০

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:৩২

রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন বাস যাত্রী নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের আব্দুল গফফার (৫০), পাটকেলঘাট উপজেলার নগরঘাট গ্রামের তৌহিদুর রহমানের স্ত্রী আছমা আক্তার ডলি (৩৫), সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামের রওশন আলী (৫০) ও একই উপজেলার রাজারবাগান গ্রামের আলামিনের স্ত্রী শারমিন সুলতানা (২০)। গতকাল শনিবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ঢাকাগামী গ্রীন বাংলা বাসের সঙ্গে ফরিদপুুরগামী ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রাকটি কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীরা হতাহত হন। এসময় গ্রীন বাংলা বাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে মাইক্রোবাস যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।