ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রবিবার মো. শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি বিষাক্ত নেশা জাতীয় পানীয় পান করে মারা গেছেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গৈচাশিয়া গ্রামে। বাবার নাম মো. রইছ উদ্দিন।
নান্দাইল হাসপাতাল সূত্রে জানা যায়, শফিকুল ইসলামকে (৩০) গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার দিবাগত রাতে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন রবিবার সকালে তার মৃত্যু ঘটে।
কর্তব্যরত চিকিত্সক জানান, ওই ব্যক্তি বিষাক্ত পানীয় মাদক পান করে অসুস্থ হন। তার শ্বশুর আ. সাত্তার জানান, শফিকুল দীর্ঘদিন যাবত্ নেশাসক্ত ছিল। আসিফ (২) নামে তার একটি পুত্র সন্তান রয়েছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
