এমকে আনোয়ারের মন্তব্যের বিষয়ে আদেশ ১০ মার্চ

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৭
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের করা মন্তব্যের বিষয়ে আগামী ১০ মার্চ রবিবার আদেশ দেয়া হবে। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন। গতকাল এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুহিন আফরোজ। তিনি ট্রাইব্যুনালে বলেন, এম কে আনোয়ার তার বক্তব্যের মাধ্যমে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের বক্তব্যে মানুষ ট্রাইব্যুনাল সম্পর্কে ভুল বার্তা পেতে পারে। অন্যদিকে এম কে আনোয়ারের পক্ষে আইনজীবী মুন্সী আহসান কবির হরতালের কারণে ট্রাইব্যুনালে উপস্থিত না হওয়ায় জুনিয়র আইনজীবী তারিকুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে সময় প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল আদেশের জন্য ১০ মার্চ দিন ধার্য করে বলেন, সেদিন এম কে আনোয়ারের আইনজীবী শুনানি করতে পারবেন। উল্লেখ্য, মহানগর নাট্যমঞ্চে গত ২০ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় এম কে আনোয়ার বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করছে। এ প্রেক্ষিতে ২৪ জানুয়ারি প্রসিকিউটর রানা দাশ গুপ্ত তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যবস্থা নেয়ার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বলেন। গত ২৬ ফেব্রুয়ারি এম কে আনোয়ার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে লিখিত ব্যাখ্যা জমা দেন। তিনি এ বিষয়ে আইনি লড়াই চালাবেন বলে জানানো হয়।