পাঁচতলার বারান্দায় স্কুলছাত্র গুলিবিদ্ধ

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৮
নিজ বাড়ির পাঁচতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের শর্টগানের গুলিতে আহত হয়েছে ৮ম শ্রেণির ছাত্র জুনায়েদুল হক তন্ময় (১৩)। গতকাল সোমবার সকালে মতিঝিলের ১২৪, দক্ষিণ কমলাপুরের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত তন্ময়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তন্ময়ের বাবা শাহীনুল হক একজন ব্যবসায়ী। তন্ময়ের মা জানান, সকাল ১১টার দিকে তার ছেলে বাসার পাঁচতলার বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাত্ বাডির সামনে গলিতে গুলির (রাবার বুলেট) আওয়াজ পান। এ সময় বারান্দায় দাঁড়িয়ে থাকা তন্ময় চিত্কার দিয়ে ওঠে। তার মুখমন্ডল, ডান হাত ও গলা থেকে রক্ত বের হতে থাকে। তন্ময়ের বাবা বলেন, তার ছেলের শরীর থেকে ১০-১২টি শর্টগানের গুলি বের করা হয়েছে। আরও কয়েকটি গুলি রয়ে গেছে। চিকিত্সকরা বলেছেন, এ মুহূর্তে সব গুলি বের করা সম্ভব নয়। সে সুস্থ হয়ে উঠলে বাকি গুলি শরীর থেকে বের করা হবে। মতিঝিল খানার ওসি হায়াতুজ্জামান বলেন, আমরা গোপনে জেনেছিলাম— দক্ষিণ কমলাপুরে নাশকতার উদ্দেশ্যে জামায়াত শিবিরের কর্মীরা জড়ো হচ্ছে। তাই ওই এলাকায় অভিযানে যাই। শিবিরের কর্মীরা ওই এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। শিবির এবং পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই এলাকা থেকে শিবিরের ৫ কর্মীকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শর্টগানের গুলি ছোঁড়ে। দুর্ভগ্যবশত: গুলিতে তন্ময় আহত হয়।