শিশুর অপুষ্টি দূরীকরণে মাতৃ স্বাস্থ্যের ওপর গুরুত্ব আরোপ

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:৪৯
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার শওকত আলী শিশুর অপুষ্টি দূরীকরণের লক্ষ্যে মা তথা নারীদের সমস্যাসমূহ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তা সমাধানের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গতকাল জাতীয় সংসদ হোস্টেলের আইপিডি সম্মেলন কক্ষে দ্য পপুলেশন রেফারেন্স ব্যুরো (পিআরবি), জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও এমিনেন্স আয়োজিত “বাংলাদেশ এবং আমাদের এগিয়ে চলা” শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ডেপুটি স্পিকার বলেন, পুষ্টি, পুষ্টিকর খাদ্য ও সুষম খাদ্য বিষয়গুলো সাধারণ জনগণের কাছে পরিষ্কার ও বোধগম্য করে তোলার জন্য জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যগণ ভূমিকা রাখতে পারেন। কারণ সংসদ অধিবেশনে শিশু ও মায়ের পুষ্টি বিষয়ে তাদের কথা বলার সুযোগ রয়েছে। প্রতিবন্ধী হওয়ার পেছনে অপুষ্টি কাজ করে থাকে উল্লে¬খ করে ডেপুটি স্পিকার বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণ সম্পর্কে মা’দের শিক্ষা দিতে হবে এবং শিশু যাতে প্রতিবন্ধী না হয় সেজন্যে আগে থেকেই কাজ করতে হবে। ডেপুটি স্পীকার আরও বলেন, অভাবের মধ্যে থেকে অপচয় কোনভাবেই কাম্য হতে পারে না। তাই অপচয় রোধ করতে হবে। যা অপ্রয়োজন তা পরিহার করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি এমিনেন্স এর পরিচালক প্রফেসর শাহ মনির হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন, ডা. মোজাম্মেল হক. ডা. মোহাম্মদ সিরাজুল আকবর, মোঃ আতিউর রহমান আতিক, মীর শওকত আলী বাদশা, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, নূর আফরোজ আলী, আহমেদ নাজনীন সুলতানা, সুলতানা বুলবুল প্রমুখ। অন্যান্য আলোচক জনকল্যাণমূলক সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি যত্নশীল হওয়া এবং মা ও শিশুর অপুষ্টি দূরীকরণের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নড়িয়া উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক মাজেদা শওকত আলী উপস্থিত ছিলেন।