ময়মনসিংহের নান্দাইলে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ী এবং খুলনায় ডুমুরিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয়ের এক ডাকাত নিহত হয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, গত শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক আহম্মেদ মাদক বিরোধী অভিযানে নান্দাইলের সাভার গ্রামের সাভার কমিউনিটি ক্লিনিকের পিছনে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে এমন খবরে তাদেরকে গ্রেফতারের চেষ্টাকালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতকির্েত গুলি ও ইটপাটকেল ছুড়তে থাকে। এতে দুই কনস্টেবল আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে হযরত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা অফিস ও ডুমুরিয়া সংবাদদাতা জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডুমুরিয়ার থুকড়া গ্রামের শান্তিনগর এলাকার কামরুল ইসলাম গাজী নামে এক ব্যক্তির বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ওই স্থান দিয়ে র্যাবের একটি টহল দল যাচ্ছিল। ঘটনাটি টের পেয়ে র্যাবের টহল দল এগিয়ে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও ডাকাতদলকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পিছু হটে। পরে কামরুল ইসলামের ঘরে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
