নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেল মালালা

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৩
পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাই এ বছরের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য রেকর্ডসংখ্যক ২৫৯টি মনোনয়ন পাওয়া গেছে। ২০৯ ব্যক্তি ও ৫০টি সংগঠনের মধ্য থেকে অক্টোবরে নরওয়ের নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করবে। নোবেল ইনস্টিটিউটের প্রধান গেইর লুনডেস্টেড বলেন, প্রায় প্রতি বছর মনোনয়নের তালিকা দীর্ঘ হচ্ছে। সারা বিশ্ব থেকেই নাম এসেছে। এর আগে ২০১১ সালে সর্বোচ্চ ২৪১টি মনোনয়ন পাওয়া গিয়েছিল। গত ৫০ বছর ধরে মনোনয়ন প্রাপ্তদের নাম গোপন রাখা হয়। বহু লোক এই পুরস্কারের যোগ্য। তারা তাদের নাম প্রকাশ করতে পারেন। এর ফলেই মনোনয়নের তালিকায় কারা আছেন জানা গেল। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এবারের তালিকায় আরো আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল, মিয়ানমারের সংস্কারপন্থি প্রেসিডেন্ট থেইন সেইন। মালালা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেন পাকিস্তানিদের। তালেবানরা দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালালা তার প্রতিবাদ করেন। এজন্য পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় গত বছর তাকে হত্যার জন্য গুলি করে তালেবান জঙ্গিরা। যুক্তরাজ্যে চিকিত্সা নিয়ে এখন সুস্থ আছে মালালা।