যুক্তরাষ্ট্রের ডাক্তাররা জানিয়েছেন, এইচআইভি আক্রান্ত এক শিশু আরোগ্য লাভ করেছে। শিশুটি এইচআইভি নিয়েই জন্ম নিয়েছিল। রোগের প্রাথমিক পর্যায়ে উচ্চমানের ঔষধ প্রয়োগে কন্যাশিশুটিকে চিকিত্সা দেয়া হলে শিশুটি আরোগ্য লাভ করে বলে জানিয়েছেন চিকিত্সকরা। খবর বিবিসির।
মিসিসিপিতে এইচআইভি নিয়ে জন্ম নেয়া শিশুটিকে প্রায় দেড় বছর ওষুধ প্রয়োগ করা হয়। এক বছর যাবত্ ওষুধ প্রয়োগ বন্ধ করে দেয়া হলেও তার দেহে সংক্রমণের কোন লক্ষণ দেখা যায়নি। শিশুটির বয়স এখন আড়াই বছর। জন্মের এক ঘণ্টার মধ্যে এ চিকিত্সা প্রয়োগ করলে অন্যদের ক্ষেত্রে তা কাজ করবে কিনা তা দেখতে আরো পরীক্ষার প্রয়োজন বলে চিকিত্সকরা জানান। বালটিমোরে জনসন হপকিনস ইউনিভার্সিটির ভাইরাস বিদ্যার গবেষক ডা. ডেবোরাহ্ পারস্যাউড আটলান্টায় এক সম্মেলনে এ বিষয়ে প্রাপ্ত তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, শিশুদের এইচআইভি নিরাময় করা যেতে পারে –এই ধারণার একটি প্রমাণ এটি।
শিশুটির এই অবস্থা বজায় থাকলে সে হবে বিশ্বের এইচআইভিমুক্ত দ্বিতীয় মানুষ। স্টেম সেল পদ্ধতি প্রয়োগ করে ২০০৭ সালে টিমোথি রে ব্রাউন প্রথম এইচআইভি থেকে আরোগ্য লাভ করেছিলেন।
