মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, রাজনৈতিক ও সামাজিকভাবে যুদ্ধাপরাধীদের প্রতিহত করতে হবে। জামায়াত-শিবির প্রতিরোধে যারা এগিয়ে এসেছেন তাদেরকে সরকার ও প্রশাসন সহায়তা দেবে। নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে গতকাল সোমবার অনুষ্ঠিত ১৪ দলের বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হায়েনার মতো উন্মত্ত হয়ে ওঠা জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধ করতে গণজাগরণ সৃষ্টি করতে হবে। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি নেতা শাহ আলম, ওয়ার্কার্স পার্টি নেতা আবু হানিফ, জাসদ নেতা জসিম উদ্দিন বাবুল, আওয়ামী লীগ নেতা এমএ রশিদ প্রমুখ।
চট্টগ্রামের আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ও সর্বদলীয় প্রতিরোধ কমিটির উদ্যোগে গতকাল জামায়াত-শিবিরের হরতালকে প্রত্যাখ্যান করে নগরীর বহদ্দারহাট, দুই নম্বর গেইট, দেওয়ানহাট, চকবাজার, বিপণি বিতান চত্বর, স্টিল মিল, বাকলিয়ার কালার মিয়ার বাজারসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
