‘দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে’

ব্যবসায়ীদের উদ্যোগ নেয়ার ডিসিসিআই’র আহবান

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৯
দেশে বর্তমানে সরকার ও বিরোধী দলের পরস্পর বিরোধী অবস্থানের পরিপ্রেক্ষিতে হরতাল, অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা ক্রমাগত উদ্বেগ জানিয়ে আসছেন। এই অবস্থায় চলমান সংকট নিরসনে ব্যবসায়ীদের উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ (ডিসিসিআই)। গণমাধ্যমে গতকাল সোমবার পাঠানো ডিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অস্থিরতায় ব্যবসায়ীরা ভীষণভাবে শঙ্কিত। হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির কারণে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এবং যানবাহনে অগ্নিসংযোগের মত ঘটনার মধ্য দিয়ে দেশ গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। বিভিন্ন স্থানে রেললাইনের স্লিপার উঠিয়ে ফেলা এবং পণ্যবাহী পরিবহনে অগ্নিসংযোগের মাধ্যমে আতংক সৃষ্টি করে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও সারা দেশে পণ্য সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করেছে। ব্যবসায়ীদের এই সংগঠন এক্ষেত্রে ব্যবসায়ী সমাজ এবং সিনিয়র নাগরিকদের এ বিষয়ে উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছে।