প্রণব মুখার্জি-খালেদা জিয়া বৈঠক বাতিলে ভারতীয় গণমাধ্যমে প্রতিক্রিয়া

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৫২
সফররত ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বাতিল করায় ভারতের বিভিন্ন গণমাধ্যমে তীব্র সমালোচনা করা হয়েছে। গতকাল সোমবার কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নির্বাচনে ভারতবিরোধী প্রচারণা চালাতেই বেগম জিয়া কৌশল হিসেবে প্রণবের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ভারতীয় রাষ্ট্রপতির সফরসঙ্গী এক সাংবাদিকের ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়, তার এই পদক্ষেপ ভারত-বাংলাদেশ সম্পর্ক তো বটেই, অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও সুদূরপ্রসারী বার্তা দিল বলে মনে করছেন কূটনীতিকরা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ১৯৭৪-এ ভি ভি গিরির পরে দ্বিতীয় ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে ঢাকায় গেলেন প্রণব মুখার্জি। কোন ঢাকা? যে ঢাকায় শাহবাগের আন্দোলন তুঙ্গে। জামায়াতের সহিংসতায় আজও নানা জায়গায় ২২ জন প্রাণ হারিয়েছেন। তবু তারই মধ্যে শহরের মোড়ে মোড়ে দুই দেশের পতাকা। ভারতের রাষ্ট্রপতির হাসিমুখের ছবি, নীচে লেখা ‘স্বাগত’। মানুষ ভিড় করেছেন প্রণব মুখার্জিকে দেখার জন্য। রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশকে প্রণব মুখার্জি নিজেই বেছে নিয়েছেন। বর্ষীয়ান রাষ্ট্রপতি হেসে বলেছেন, এ দেশকে তো আমার বিদেশ বলেই মনে হয় না। নিজের ভাষায় কথা বলি, ভীষণ চেনা মুখগুলো। আর ভারতীয় হাইকমিশনে দুই লাইনের মেল পাঠিয়ে প্রণব মুখার্জির সেই সফরই বয়কট করেছেন খালেদা জিয়া। সেই খালেদা, যিনি অনেক চেষ্টা করে গত নভেম্বরে দিল্লি সফরের আমন্ত্রণ আদায় করেছিলেন। দিল্লি গিয়ে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে অনেক প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। তারপরে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় সালমান খুরশিদের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন, প্রণব মুখার্জির সঙ্গে তার অনেক কথা রয়েছে। কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক বাতিল করে খালেদা বুঝিয়ে দিলেন সামনের ভোটে ভারত-বিরোধিতা হবে তার রণকৌশল। ভারত কী চোখে দেখছে খালেদার এই পদক্ষেপকে? দেশটির পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাই বলেছেন, খালেদা জিয়া রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে আসবেন না বলে জানিয়েছেন। ব্যাস, এর বেশি কিছু বলা আমাদের শোভা পায় না। আর প্রণব মুখার্জির প্রতিক্রিয়া? রাষ্ট্রপতি ভবনের এক অফিসার জানান, সকালে ঢাকা রওয়ানা হওয়ার আগেই তিনি খবরটা পান। প্রণব মুখার্জির মুখের হাসি কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। তবে কোন মন্তব্য করেননি। এছাড়া ‘হিন্দুস্তান টাইমস’ পত্রিকার শিরোনামে একে অবজ্ঞা হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘মেইল টুডে’ বলেছে, এটি অসৌজন্যমূলক। পররাষ্ট্র সচিব রঞ্জন মাথাইয়ের উদ্ধৃতি দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’য় খবরে বলা হয়েছে, বস্তুত রাষ্ট্রপতি বেগম জিয়ার সঙ্গে বৈঠকের জন্য আগ্রহী ছিলেন। ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’র রিপোর্টে বলা হয়েছে, খালেদার এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির সফরের মূল যে এজেন্ডা বাংলাদেশি নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করা তা অল্প হলেও ক্ষতিগ্রস্ত হলো। কলকাতার অপর একটি দৈনিক বর্তমানের প্রতিবেদনে এ ঘটনাকে অস্বস্তিকর বলে মন্তব্য করা হয়েছে।