যশোরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিশু শিক্ষার্থীকে পর্যায়ক্রমে যৌননিপীড়ন চালানো আমিনুর নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে অবৈধপথে ভারতে পালানোর চেষ্টাকালে শার্শার গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। রাতে তাকে যশোর কোতোয়ালি থানায় আনা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তাকে আটকের ব্যাপারে তৎপর ছিল। শুক্রবারও রাতভর তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। শনিবার দুপুরে সে সীমান্ত পাড়ি দেয়ার প্রস্তুতি নেয়। এসময় সেখানে হানা দিয়ে তাকে ধরে ফেলে পুলিশ। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আমিনুল ঘটনার দায় স্বীকার করেছে। সে স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিতেও রাজি হয়েছে।
উল্লেখ্য, তিন সন্তানের জনক আমিনুর গত প্রায় একমাস ধরে শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয় শিক্ষার্থীর উপর পর্যায়ক্রমে যৌন নিপীড়ন চালিয়ে আসছিল। ঘটনাটি ফাঁস হবার পর গত বুধবার এক শিক্ষার্থীর বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরআগেই পালিয়ে যায় আমিনুর। সে ওই এলাকার একটি বাড়ির কেয়ারটেকার।
ইত্তেফাক/আরকেজি
