ছাতকে গর্জনী বিলের জমি দখল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর ও বসন্তপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনসহ ১২ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গর্জনী বিলের জমি ও একটি খাল নিয়ে দীর্ঘদিন ধরে জাহিদপুর গ্রামের রফিক উদ্দিন ও বসন্তপুর গ্রামের ইছাক আলীর মধ্যে বিরোধ চলে আসছে। মঙ্গলবার দুপুরে রফিক উদ্দিনের লোকজন জমি দখল ও খালে মাছ শিকার করতে গেলে ইছাক আলী পক্ষের লোকজন এতে বাধা প্রদান করে। এ নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। সংঘর্ষে সুন্দর আলী (৫০), আশক আলী (৪৫), মদই মিয়া (৪০), কালা মিয়া (২৮), ফারুক উদ্দিন (৩২), আবুল কালাম (৪৫), ঠাকুরধন আলী (৫০), ফেরদৌস আহমদ (২২), লায়েক মিয়া (২৭), হাজী আলতাব আলী (৬০), মনসুর আলী (৩০), সুজন মিয়া (৩০) প্রমুখ আহত হন। সংঘর্ষের সময় ৬ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে ইউপি সদস্য আবুল খায়ের জানিয়েছেন।
