রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে গতকাল মঙ্গলবার শাহজাহান (৩৫) নামে এক ট্রাক ড্রাইভারের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাহজাহান- জিন ড্রাইভার নামে পরিচিত। অনেকে তাকে শাহজাহান জিন নামে ডাকতেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আইসদি গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শাহজাহান ২৪৮/২ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি কাঠের দোতলা বাড়ির নিচতলায় থাকতেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই দুলাল মিয়া জানান, শাহজাহানসহ আরও ৪/৫ জন ড্রাইভার একটি রুমে ভাড়া থাকতেন। রুমটি গত তিনদিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে রুম থেকে পচা গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙ্গে লাশ উদ্ধার করে। গলায় একটি চামড়ার বেল্ট পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শাজাহানকে শ্বাসরোধে হত্যার পর ঘাতকরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল নামে ওই মেসের এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, ময়না তদন্তের পরই এ বিষয়ে চূড়ান্ত ধারণা পাওয়া যাবে। তাই লাশের ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
