মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:১৭
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে গ্রেফতার করেছে পুলিশ। একটি মামলার শুনানিতে হাজির না হওয়ায় গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। ভারতীয় হাইকমিশন ত্যাগের ১০ দিন পর তাকে গ্রেফতার করা হলো। আজ বুধবার তাকে আদালতে হাজির করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। নাশিদকে গতকাল মঙ্গলবার তার বাসা থেকে গ্রেফতার করা হয়। তার শাসনামলে অবৈধভাবে ফৌজদারি আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে আটকের নির্দেশ দেয়ার একটি মামলায় গত ১০ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার তারিখ নির্ধারিত ছিল। কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। এ মামলায় সাজা হলে তিনি আগামী সেপ্টেম্বরের নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার দল বলছে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতার এড়াতে গত ১৩ ফেব্রুয়ারি তিনি ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন এমন একটি সমঝোতার ভিত্তিতে তিনি দূতাবাস ছাড়েন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদের প্রেস সেক্রেটারি মাসুদ ইমাম বলেন, নাশিদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকাল ৪টায় তাকে আদালতে হাজির করা হবে। নাশিদের গ্রেফতারে তার সমর্থকরা বিক্ষোভ করেছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।