দেশের কার্যরত বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর হামলায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এর আগে ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংক চলমান সহিংস পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে গভর্নরের হস্তক্ষেপ কামনা করে চিঠি দিয়েছিলো। সম্প্রতি যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকটি বুথ ও শাখা ভাংচুর করা হয়। একইসঙ্গে ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংকেও হামলা চালানো হয়। সে পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে গভর্নরের কাছে চিঠি দেয় ব্যাংকগুলো।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী জানান, কোন অবকাঠামোতেই হামলা কারো কাম্য নয়। দেশের সব প্রতিষ্ঠান রক্ষা করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই হামলায় আমরা উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে ব্যাংকগুলো আমাদের কাছে প্রতিকার চেয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরাপত্তা নিশ্চিত করতে চিঠি দিয়েছি।
এদিকে নিরাপত্তা চাওয়ার পাশাপাশি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের আর্থিক লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংক খতিয়ে দেখছে বলে অন্য একটি সূত্র জানিয়েছে।
