দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আজ বুধবার দেশজুড়ে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, জনগণ ‘গণহত্যা’ বন্ধ ও দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। জনগণের এ দাবি আদায়ের লক্ষ্যে আমরা দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে কিংবা নিরীহ জনগণের উপর গুলি চালালে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমরা মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শনাক্ত করে শাস্তি বিধানের আহ্বান এবং সেই সাথে দেশের সর্বস্তরের মানুষকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের প্রতিহত করার আহ্বান এবং তিনি বলেন, সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনকে ভিন্নদিকে প্রবাহিত করার জন্য সরকার ‘গণহত্যা’ চালিয়ে তা জামায়াতের তাণ্ডব বলে মিথ্যাচার চালাচ্ছে।
