সারাদেশে জামায়াত-শিবিরের অরা-জকতা ও সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন দেশের ৭৫ জন বিশিষ্ট নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন, একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় প্রদান শুরু হওয়ার পর থেকে জামায়াত-শিবির চক্র প্রকাশ্য গৃহযুদ্ধের হুঙ্কার দিয়ে দেশব্যাপী যেসব সশস্ত্র তাণ্ডব চালিয়েছে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
বিবৃতিতে তারা জাতীয় পতাকার অবমাননা, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের ভার্স্কয ভাংচুর, দেশব্যাপী-দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, মানুষ হত্যা, অগ্নিসংযোগ-লুটপাট, রাষ্ট্রীয় সম্পত্তি ধবংস, থানা ও পুলিশ ফাঁড়ি আক্রমণ, দায়িত্বরত পুুলিশ হত্যা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়ন এবং মন্দির ভাংচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও কঠোর শাস্তি প্রদান এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের নিকট দাবি জানান। বিবৃতিতে বিরোধী দল বিএনপিকে জামায়াত-শিবিরকে মদদদান ও সঙ্গ ত্যাগ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত গণজাগরণের সাথে একাত্ম হওয়ার আহবান জানানো হয়। এছাড়া বিবৃতিতে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে জামায়াত-শিবির চক্রের সকল ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মিথ্যাচার প্রতিরোধে দেশবাসীকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে। বিবৃতিদাতারা হলেন-শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক মুস্তফা নূর-উল ইসলাম, অধ্যাপক হাসান আজিজুল হক, শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ শামসুল হক, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মেজবাহউদ্দিন, কামাল লোহানী, রামেন্দু মজুমদার, আলী যাকের, অধ্যাপক আবুল বারকাত, সৈয়দ হাসান ইমাম প্রমুখ।
