ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৫ মে ২০১৯, ০০:৩৫

লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ফোন করে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ   কেন্দ্রীয় নেতারা।

জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফণীর আঘাতে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ-খবর নেন। ফণীর আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্গত এলাকায় কেউ যেন অনাহারে না থাকে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়োজনে সেনাবাহিনী, বিমানবাহিনীসহ সরকারি বিভাগীয় সংস্থাকে কাজে লাগিয়ে উদ্ধার তত্পরতা চালাতে হবে। এ সময় তিনি সরকারের পাশাপাশি দলীয়ভাবে নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’ এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে ফণীর ক্ষয়ক্ষতি মনিটরিং করা হচ্ছে। আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।