চট্টগ্রাম বন্দরে জাহাজজট নিরসনের দাবি

আপডেট : ০৫ মে ২০১৯, ০০:৩৫

ঘূর্ণিঝড় ফণীসহ গত কয়েকটি সরকারি ছুটির কারণে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট জাহাজ জট দ্রুত নিরসনের দাবি জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে ৬টি প্রস্তাবনা দিয়েছেন ব্যবসায়ীদের সংগঠনটি।

এতে বলা হয়েছে জাহাজ জট দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি শিল্প। এ জট আসন্ন রমজানের পণ্য সামগ্রীর বাজার মূল্য ঊর্ধ্বমুখী করবে। দেশীয় শিল্পের উত্পাদন ব্যাহতসহ রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হবে। চট্টগ্রাম বন্দরে গড়ে দৈনিক ২০টি জাহাজ আমদানি পণ্য নিয়ে আসে। এর মধ্যে গড়ে ১০টি জাহাজ রপ্তানি পণ্য নিয়ে যায়। সম্প্রতি পবিত্র শব-ই-বরাত, মে দিবস, সাপ্তাহিক ছুটি এবং ঘূর্ণিঝড় ফণীর কারণে চট্টগ্রাম বন্দরে ৭ দিন কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। যে কারণে বহির্নোঙ্গরে ১৭টি কন্টেইনার জাহাজসহ বেশ কিছু জাহাজ বহির্নোঙ্গরে অবস্থান করছে। অন্যদিকে ঘূর্ণিঝড় ফণীর কারণে জেটি নিরাপত্তার জন্য ৭টি জাহাজ রপ্তানি পণ্য ছাড়াই বহির্নোঙ্গরে পাঠানো হয়েছে।