পিলখানা হত্যা মামলা

বিডিআর সদস্যদের দাবি শেখ হাসিনাকে জানান ব্যারিস্টার তাপস

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:০৩
বিভিন্ন দাবি নিয়ে ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দু’দফা কয়েকজন বিডিআর সদস্য দেখা করেছিলেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে। রেশন, পদোন্নতি, চিকিত্সা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়াসহ কয়েকটি দাবি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জানিয়ে তা কার্যকর করা যায় কিনা সে বিষয়ে তার সহযোগিতা চান বিডিআর সদস্যরা। তাদের দাবিগুলো তার দলের নেত্রীকে অবহিত করবেন বলে তাদের আশ্বস্ত করেন ফজলে নূর তাপস। বিডিআর সদস্যরা তার সঙ্গে দেখা করার চার-পাঁচদিন পর তাদের দাবিগুলো ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নভেম্বরের শেষের দিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। তবে তিনি বিডিআর সদস্যদের কাছে এসব দাবির বিষয়ে কোন মন্তব্য করেননি, কেবল শুনেছেন। যেসব বিডিআর সদস্য তার কাছে গিয়েছিলেন, তিনি তাদের চিনেন না। রাজধানীর বখশীবাজারে সরকারি আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে পিলখানা হত্যাযজ্ঞ মামলার বিচারে মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে গতকাল বুধবার সাক্ষ্য ও আসামি পক্ষের জেরার জবাব দিতে গিয়ে ব্যারিস্টার তাপস আদালতকে এসব তথ্য জানান।