সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৩
সংখ্যালঘুদের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই সংখ্যালঘুদের উপর এই সশস্ত্র হামলা ও ভাংচুর চালানো হয়েছে। স্বাধীনতা বিরোধীরা আবার জেগে উঠেছে। জামায়াত তার চরিত্র বদলায়নি। ৭১ এর ভূমিকা থেকে এক পাও সরে আসেনি। তারা অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান। একইসঙ্গে তারা সংখ্যালঘুদের ভেঙ্গে ফেলা ঘর-বাড়ি ও মন্দির মেরামত করাসহ সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ ও জান-মালের নিরাপত্তা দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের নেতা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, হিরা লাল বালা, অধ্যাপক আশিষ সরকার, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, পুলক ঘটক, কল্পনা চাকমা, রানা দাস গুপ্ত, উর্মি ঢালী, রানা দাস গুপ্ত, মন্টুধর, বাসু দেব ধর প্রমুখ। নিম চন্দ্র ভৌমিক বলেন, স্বাধীনতা বিরোধীরা আবার জেগে উঠেছে। তারা জাতিসত্তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি সম্মিলিতভাবে জামায়াত-শিবিরকে প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। হিরা লাল বালা বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই যুগে যুগে সংখ্যালঘুদের উপর হামলা চালানো হয়েছে। দুঃখ প্রকাশের মধ্যদিয়ে এই ঘটনার ইতি টানলে হবে না। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এদিকে ১৫ মার্চ সারাদেশে জামায়াত-শিবিরের সহিংসতায় নিহতদের আত্মার শান্তি কামনা করে মঠ, মন্দির, প্যাগোডা ও গির্জায় গণপ্রার্থনার আয়োজন করা হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।