রুয়েটের ভারপ্রাপ্ত ভিসি ডা. মোঃ মর্তুজা আলী

আপডেট : ০৬ মার্চ ২০১৩, ২২:৫৫
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ মর্ত্তুজা আলী। তিনি রুয়েটের তড়িত্ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পরবর্তী ভিসি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ড. মর্ত্তুজা আলীকে অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি’র দায়িত্ব অর্পণ এবং রুয়েটের ভিসি অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়। অধ্যাপক মর্ত্তুজা আলী রুয়েটে ভিসির দায়িত্বভার গ্রহণ করেছেন। রুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানান। ভারপ্রাপ্ত নতুন ভিসি শহীদ এএইচএম কামারুজ্জামানের কবর জিয়ারত ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। ড. মর্ত্তুজা আলী ১৯৫৭ সালে নওগাঁর মহাদেবপুরে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে এসএসসি, ১৯৭৫ সালে এইচএসসি, ১৯৭৯ সালে অত্র প্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ১৯৮৯ সালে জাপানের নিগাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ ও ১৯৮১ সালে অত্র প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদেন। এচাড়া তিনি সিন্ডিকেট ও অর্থকমিটির সদস্য, ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। সমাবর্তন স্থগিত রুয়েটের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনে অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসেবে আগের ভিসি ড. সিরাজুল করিম চৌধুরীকে সভাপতিত্ব করার ক্ষমতা অর্পণ করেছিলেন। কিন্তু ভিসির পদ থেকে ড. সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার সভাপতিত্বে মঙ্গলবার সকালে সমাবর্তন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় চতুর্থ সমাবর্তন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।