কুমিল্লা জেলা বিএনপি আহূত গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল নগরীতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে নগরীর কান্দিরপাড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার ও ৩ পিকেটারকে আটক করেছে পুলিশ।
হরতালকে কেন্দ্র করে গতকাল বুধবার নগরীর কান্দিরপাড়ে বিএনপির দুই গ্রুপ পৃথক পৃথকভাবে অবস্থান নিয়ে হরতাল পালন করে। অপরদিকে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় এমপির সমর্থকরা পৃথক পৃথক স্থানে থেকে হরতালের বিপক্ষে অবস্থান নেন। আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে থাকলেও পুলিশের কড়া নজরদারিতে উভয় দল হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করে। হরতালে সকাল থেকেই নগরীতে কোন যানবাহন চলাচল করেনি। নগরীর সকল দোকানপাট, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। মঙ্গলবার ছাত্রলীগের এক গ্রুপের নেতা-কর্মীদের প্রকাশ্য অস্ত্রবাজির ঘটনায় গতকাল বুধবার দিনভর নগরীতে টানটান উত্তেজনা ও আতংক বিরাজ করে। বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করে স্থানীয় প্রশাসন। কোন অপ্রীতিকর বা সহিংস ঘটনা ঘটেনি।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভানেত্রী বেগম রাবেয়া চৌধুরী জানান, স্থানীয় এমপি আকম বাহাউদ্দিন ও তার সমর্থক নেতা-কর্মীরা মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ে সশস্ত্র হামলা-ভাংচুর ও গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে জেলা সদরে শান্তিপূর্ণ হরতাল পালন করা হয়েছে।
