এসএসসি ও সমমানের গত ২৮ ফেব্রুয়ারির পরীক্ষা আগামীকাল ৮ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া গত ৩ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সাধারণ শিক্ষা বোর্ডসমূহের এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষাগুলো আগামী ১০ মার্চ থেকে ১৪ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। এসব ব্যবহারিক পরীক্ষা ৬ থেকে ১২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত
বিএনপির ডাকা হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বৃহস্পতিবারের অনুষ্ঠিতব্য ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা এবং ২০১০ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এ সকল পরীক্ষা আগামী ১৬ মার্চ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
