বিএনপি আহূত আজ বৃহস্পতিবারের হরতাল ঘোষণার পর বুধবার সন্ধ্যা সাতটার দিকে হরতালের পক্ষে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি জয়দেবপুর বাজার থেকে বের হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে। সেখানে হরতাল সমর্থকরা যানবাহন ভাংচুরের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হরতাল সমর্থকরা গাজীপুর শহরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের কাছে রাজবাড়ী সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি বাসে আগুন ধরিয়ে দেয়। দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়। রাত আটটার দিকে ঢাকা-গাজীপুর সড়কের শিববাড়ী মোড় এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো ‘ঢাকা পরিবহনে’র একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা। দমকলবাহিনী পৌঁছার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এর আগে সন্ধ্যা সাতটার দিকে হরতাল সমর্থকরা রাজবাড়ী সড়কের বিভিন্ন স্থানে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। রাস্তাঘাটে যানবাহন চলাচল কমে যায়।
