এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। সঙ্গে পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে আগামী ২৬ মার্চের মধ্যে তাকে হত্যা করা হবে। গতকাল বুধবার দুপুরে জেলা জজ কোর্টে পিপি মিসবাহউদ্দিনের অফিসে ডাকযোগে কাফনের কাপড় ও চিঠি পাঠানো হয়। সিলেটের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামছুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে তাদের অফিসে ডাকযোগে একটি খাম আসে। এটি খুলে দেখা যায়, এর ভেতরে কাফনের কাপড় ও একটি চিঠি। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে।
চিঠিতে প্রেরকের নাম লেখা হয়েছে জমদূত তালুকদার। আর ঠিকানা দেয়া হয়েছে মানিক পীর রোড। মিসবাহউদ্দিন বর্তমানে ঢাকাতে রয়েছেন। এ ব্যাপারে তিনি ইত্তেফাককে বলেন, কোন ধরনের হুমকি দিয়ে জনগণের আন্দোলন থেকে আওয়ামী লীগ নেতাদের সরানো যাবে না।
প্রসঙ্গত, গত সোমবার রাতে ও মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপিকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়।
