পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের উপর আত্মঘাতী হামলার ঘটনায় সেনা আইনে দণ্ডপ্রাপ্ত দু’জনের মৃত্যুদণ্ড বুধবার খারিজ করেছে সেদেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরির নেতৃত্বে তিন বিচারপতির এক বেঞ্চে ওই দু’জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে দেয়া হয়। তবে তারা জেলে থাকবেন বলে জানা গেছে। খবর জি নিউজের।
সূত্র জানায়, ২০০৩ সালের ডিসেম্বরে রাওয়ালপিণ্ডিতে তত্কালীন সেনা শাসক পারভেজ মোশাররফ আত্মঘাতী হামলা থেকে ভাগ্যক্রমে দুইবার বেঁচে যান। সে সময় তার সামনে মোটর গাড়ির বহর আক্রমণের শিকার হয়। এ ঘটনায় তখন কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হন। সিনহুয়া জানায়, এ ঘটনায় তখন কয়েকজন সামরিক কর্মকর্তা ও বেসামরিক লোককে গ্রেফতার করা হয়। পরে তাদের ওই হামলার ঘটনায় অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করা হয়। সর্বশেষ সামরিক আদালতে রানা নাভিদ নামে একজনের মৃত্যুদণ্ড ও আমির সোহেল নামে অপরজনের ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরে ২০০৫ সালে সেনাবাহিনী এ মামলায় আপিল করলে তাদেরকে জুলাই মাসে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়।
