বিশ্বের জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পরিবর্তিত জলবায়ুতে খাপ খাওয়ানোর লক্ষ্যে জলবায়ু সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন করতে কৃষি বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ প্রতিবেশী বিভিন্ন দেশের সাথে কৃষি বিষয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নানাভাবে উপকৃত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘জলবায়ু সহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবন ও সমপ্রসারণ’ শীর্ষক দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি সমপ্রসারণ সোসাইটি ও বাকৃবির কৃষি সমপ্রসারণ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আব্দুল মোমেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক। বিশেষ অতিথি ছিলেন ভারতের বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মানস মোহন অধিকারী ও ইউএসএআইডি-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. জিপি দাশ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকৃবির কৃষি সমপ্রসারণ শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ফারুক, অধ্যাপক ড. মো. জুলফিকার রহমান, ড. মো. আসাদুজ্জামান সরকার প্রমুখ। দু’দিনব্যাপী সম্মেলনে মোট ৫৫টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনে যুক্তরাষ্ট্র, ভারত, শ্রীলঙ্কার ৩০ জনসহ প্রায় দেড় শতাধিক কৃষি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন।
