১৪ মার্চ বড়াল রক্ষার দাবিতে অনুষ্ঠিতব্য মানববন্ধন সফল করতে মানববন্ধন বাস্তবায়ন উপ-কমিটি ও বড়াল রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে সভা-সমাবেশ, মতবিনিময় সভা অব্যাহত আছে। বাঁধ, বড়াল নদী চালুসহ বিভিন্ন দাবিতে নদীপাড়ের মানুষ জেগে উঠেছে। পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন, চলনবিল রক্ষা আন্দোলন, এএলআরডি এবং রিভারাইন পিপলস্’র উদ্যোগে রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি পর্যন্ত ২২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হবে। পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস ও রাজশাহীর চারঘাটের এমপি মোঃ শাহরিয়ার আলম এই মানববন্ধন সফল করতে একাধিক সভায় অংশ নিয়েছেন। চাটমোহর, বড়াইগ্রাম, চারঘাট, শাহজাদপুর, সাথিয়া উপজেলার শিলন্দা, ফরিদপুর, ভাঙ্গুড়া, বাগাতিপাড়াসহ বিভিন্ন স্থানে পথসভা, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চাটমোহর পৌরসভা মিলনায়তনে চলনবিল ও বড়াল পাড়ের সকল উপজেলার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিনসহ বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বড়াল পাড়ের হাজার হাজার মানুষের প্রাণের দাবি বড়াল নদী চালু হোক। নানাভাবে এই নদীকে ধ্বংস ও দখল করা হয়েছে। নদীতে বাঁধ দিয়ে মাছের চাষ করা হয়েছে। বড়াল পাড়ের মানুষ ক্রসবাঁধ ও স্লুইস গেট অপসারণ করে ব্রীজ নির্মাণের জোর দাবি তুলেছেন।
