মুন্সীগঞ্জে ইভটিজারের এক বছরের জেল

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২১:০৮
মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এর আগে বুধবার সকালে উপজেলার উত্তর গাওদিয়া গ্রামে ঘরের দরজায় তালা লাগিয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ের প্রস্তাবে রাজি করানোর অভিযোগে ফয়সাল শেখ নামে ঐ ইভটিজারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল লৌহজং থানায় প্রায় একই ধরনের অন্য একটি মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় ইভটিজিংয়ের বেশকিছু অভিযোগ রয়েছে। ইভটিজিংয়ের দায়ে কয়েকদফা সালিশ বৈঠকও হয়েছে তার বিরুদ্ধে। মেয়েটির মা জানান, বুধবার সকাল ৭টার দিকে তার মেয়ে ঘরে শুয়েছিল। এসময় পাশের বাড়ির জব্বার শেখের বখাটে ছেলে ফয়সাল হঠাত্ করে ঘরে ঢুকে ভেতর থেকে তালা বন্ধ করে দেয়। ফয়সালের প্রস্তাবে রাজি না হওয়ায় সে মেয়েটির গলা টিপে ধরে। এসময় তার ডাক-চিত্কারে বাড়ির লোকজন ছুটে গিয়ে ঘরের দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে। এরপর পুলিশ এসে ফয়সালকে হাতেনাতে গ্রেফতার করে। মেয়েটির মা আরো জানান, তারা ঢাকায় বসবাস করেন। ২ বছর পূর্বে স্বামীর গ্রামের বাড়ি আসার পর থেকেই ফয়সাল তার মেয়েকে উত্ত্যক্ত করতো। এই নিয়ে বিদ্যালয় কমিটিসহ স্থানীয়ভাবে সালিশ বৈঠক করেও তাকে বিরত রাখা যায়নি।