আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) দ্বিতীয় কিস্তির ১৩ কোটি ৯৪ লাখ ডলারের সমপরিমাণ অর্থ পেয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই অর্থ যোগ হয়েছে। ফলে বুধবার দিনশেষে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৭ কোটি ডলার। দুই কিস্তিতে সংস্থাটির ঋণ সহায়তার মোট ২৭ কোটি ৮৮ লাখ ডলার দেশে আসলো।
গত ২০ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী বোর্ড ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বর্ধিত ঋণ সহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় আইএমএফ বাংলাদেশকে ৯৮ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে। গত বছরের এপ্রিলে অনুমোদন হওয়া এ ঋণ তিন বছরে ৭ কিস্তিতে দেয়ার কথা। সুদমুক্ত এ ঋণ ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। অবশ্য এর জন্য চারটি খাত সংস্কারে ন্যূনতম ১৭টি কঠিন শর্ত বেঁধে দিয়েছে সংস্থাটি।
জানা গেছে, ঋণের প্রথম কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার ছাড় হয় গত বছরের মে মাসে। এরপর একই বছরের নভেম্বরে ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় হওয়ার কথা ছিল। ঋণের বিভিন্ন শর্ত পূরণ না হওয়ায় অর্থ ছাড় দফায় দফায় পিছিয়ে যায়।
