মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল পাচ্ছেন ড. ইউনূস

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:৩৫
শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবার যুক্তরাষ্ট্রের অন্যতম সর্বোচ্চ পর্যায়ের সম্মাননা পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল পেতে যাচ্ছেন। মার্কিন পার্লামেন্টের স্পিকার জন বোহেনার ও সিনেটের রিপাব-লিকান এবং ডেমোক্র্যাট সদস্যদের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ১৭ এপ্রিল ড. ইউনূসকে এ পদকে ভূষিত করা হবে। ২০১০ সালের ৫ অক্টোবর তাকে এ পদক দেয়ার বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার অবদানের কারণে এ সম্মাননা পদক দেয়া হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূস ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণকে কার্যকর মডেল হিসাবে তিনিই জনপ্রিয় করে তোলেন। তার অসাধারণ সাফল্যের জন্য ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এই অর্থনীতিবিদ। এর আগে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেনসিয়াল মেডেল অব ফ্রিডম পান ইউনূস।