সারাদেশে গত ক’দিন ধরে পত্রিকা পরিবহনের গাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং সংবাদপত্র এজেন্ট ও হকারদের নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও পত্রিকা বিতরণে বাধা দেয়ায় বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। এসোসিয়েশন নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন স্থানে যেমন-চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুর, টাংগাইল ও নীলফামারীসহ বিভিন্ন এলাকায় পত্রিকা পরিবহনের গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর ও হকারদের মারধর এবং পত্রিকা কেড়ে নিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে করে বিভিন্ন এলাকায় পাঠকরা পত্রিকা পড়া থেকে বঞ্চিত হয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই। এজেন্ট কিংবা হকারদের একান্ত দায়িত্ব এবং পেশা হচ্ছে পাঠকদের নিকটে পত্রিকা পৌঁছে দেয়াই বিগত দিনে হরতাল, অবরোধের সময় পত্রিকা পরিবহনের গাড়ি হরতালের আওতামুক্ত ছিল। পত্রিকা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে এজেন্ট ও হকারদের নিকট পৌঁছাতে পারে সে জন্য প্রশাসনের প্রতি সহযোগিতা করার দাবি জানান তারা।
