সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচী “কৈশোর সুরক্ষায় হব সচেতন” শীর্ষক দিনব্যাপী কিশোর-কিশোরী মেলা বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ব্র্যাককর্মীদের অন্তত ১০টি স্টল অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া। উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আইরিন পারভীন নার্গিস, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, জেলা ব্র্যাক প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ, আঞ্চলিক ব্যবস্থাপক সুব্রত দাস, এলাকা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম, শিল্পী রানী দত্ত, মোঃ নাছির উদ্দিন প্রমুখ। শুরুতে সকাল দশটায় মেলার শুভ উদ্বোধন, র্যালী এবং কৈশোর সুরক্ষায় হব সচেতন কথা দিলাম ব্যানারে স্বাক্ষর দান। এগারটায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা। দুপুর দুইটায় ইন্টার অ্যাকটিভ পপুলার থিয়েটারের পরিবেশনায় নাটক, বিকাল তিনটায় এটিএন বাংলা ও একুশে টেলিভিশনের “মেঘে ঢাকা তারা” ও “নাচেগানে নাম্বার ওয়ান” শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিকাল চারটায় পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার সমাপ্তি হয়।
