চৌগাছায় বীজ আলু উত্তোলন

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ১৫:৪১
যশোরের চৌগাছায় ব্র্যাকের উদ্যোগে চাষি পর্যায়ে চাষকৃত বীজ আলু উত্তোলনের কাজ শুরু হয়েছে। জানা যায়, এ বছর কৃষক পর্যায়ে মানসম্পন্ন বীজ আলু উত্পাদন কর্মসূচির আওতায় উপজেলার ৪শ কৃষককে ১০০ কেজি করে বীজ ও সার সেচ বাবদ নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া আলুচাষের ওপর দুইবার বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। সোমবার মাঠদিবসের মাধ্যমে এসব চাষকৃত বীজআলু উত্তোলন কাজ শুরু হয়েছে। উপজেলার বাটিকামারি মাঠে অনুষ্ঠিত মাঠদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক চৈতন্য কুমার দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ড.শফিউর রহমান, সাইফুল ইসলাম, শাহিনুর রহমান, চেয়ারম্যান রবিউল ইসলাম, তাপস দাস প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আলুচাষি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন আলু, মিষ্টি আলু, সবজি চাষের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ইউসেইড হর্টিকালচার প্রজেক্ট, সিআইপি, এভিআরডিসির যৌথ কর্মসূচি ব্র্যাকের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে দেশে নিম্নআয়ের মানুষের পুষ্টির চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব হবে। অনুষ্ঠান শেষে বাটিকামারি গ্রামের কাদের আলীর ১০ শতক জমি থেকে বীজ আলু উত্তোলন করা হয়। এ জমিতে মোট ১৫শ ৮ কেজি বীজ আলু উত্পাদিত হয়েছে।