গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা জামায়াতে যোগ দিতে বাধ্য হলেন

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:২৮
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক মতলু হাজীকে সম্প্রতি জোরপূর্বক জামায়াতে ইসলামীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি জেলার সর্বত্র এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ ও জামায়াত দলীয় সূত্রে জানা যায়, উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য আলহাজ্ব মতলুবর রহমান ওরফে মতলু হাজী গত ১৯৯০ সালে উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ নিয়ে রাজনীতি শুরু করেন। তিনি ২০০৩ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে দলের উপজেলা ধর্মীয় সম্পাদক পদে অন্তর্ভুক্ত হন। উল্লেখ্য, উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী, চণ্ডিপুর, দয়ারপাড়া ও বৃষ্টিপুরসহ আশপাশের গ্রামগুলো জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোন দলের সমর্থক খুব বেশি নেই। জামায়াত অধ্যুষিত উপজেলা সদরের কালীবাড়ী বাজার রোডের আয়নুল হক মার্কেটে ‘ইমা এন্টারপ্রাইজ’ নামে মতলুবর রহমানের একটি রড-সিমেন্টের দোকান আছে। দেশের বর্তমান পরিস্থিতিতে মতলুবর রহমানকে জামায়াতে ইসলামীতে যোগদান করতে বাধ্য করা হয়। তিনি গত ৩ মার্চ রবিবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, বর্তমান সূরা ও কর্মপরিষদ সদস্য মওলানা অধ্যক্ষ রুহুল আমিনের নিকট উপজেলার ঠুটিয়াপাকুর মাদ্রাসা মাঠে জামায়াতে যোগদান করেন। মতলু হাজী দল বদলের বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি পরিস্থিতির শিকার। এছাড়া তার আর কোন উপায় ছিল না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর প্রধানও জানান, মতলুবর রহমান পরিস্থিতির শিকার। জামায়াত অধ্যুষিত এলাকায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় তাকে ভয়ভীতি দেখিয়ে জামায়াতে যোগদান করতে বাধ্য করা হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। উপজেলা জামায়াত আমীর মওলানা সাইদুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে মতলু হাজী তাদের দলে যোগদান করেছেন।