জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২১:৪০
গত ২৪ ঘণ্টায় সহিংসতায় জড়িত অভিযোগে সিলেট ও ঝিনাইদহে ৭ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির তাজুল ইসলামসহ তিন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ২৮ ফেব্রুয়ারি পুলিশের উপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এদিকে গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আবুল কাশেমকে পুলিশ গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। সিলেট অফিস জানায়, ছাত্র শিবিরের জেলা সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরীর শাহজালাল উপশহরের তেররতন এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শিবিরের জেলা (পশ্চিম) সভাপতি দুলাল আহমদ, দপ্তর সম্পাদক সাফাত আহমদ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। গত কয়েকদিন ধরে সিলেট নগরীর বিভিন্ন স্থানে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসব ঘটনায় মেট্রোপলিটন এলাকার একাধিক থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতরা সাবেক ছাত্রলীগ নেতা ও সিলেট গণজাগরণ মঞ্চের কর্মী জগেজ্যাতি হত্যাকাণ্ডের সাথে জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।