খুলনায় পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময়

যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরবে না

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:২৯
পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দ বলেছেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ছাত্ররা রাজপথের আন্দোলন ছেড়ে ঘরে ফিরবে না। প্রয়োজনে নতুন প্রজন্ম রক্ত দেবে। কিন্তু রাজাকার, জামায়াত-শিবিরমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবেই। যত বাধাই আসুক না কেন, ছাত্ররা তা মোকাবিলা করবে। মৌলবাদী জামায়াত-শিবিরের তাণ্ডব নৈরাজ্য প্রতিরোধ করার জন্য সর্বত্র একতাবদ্ধ হতে হবে। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ, ১১ মার্চ নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে খুলনা মহানগর ও জেলার বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বক্তারা এ কথা বলেন। গতকাল শুক্রবার নগরীর বিএমএ ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু, নির্দলীয় গণমঞ্চের আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পী, রূপসা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ হাওলাদার, ছাত্রমৈত্রী সভাপতি তাজুল ইসলাম, বিপ্লবী ছাত্র মৈত্রী সভাপতি জিতেন্দ্র চৌধুরী জিতু প্রমুখ।