গল টেস্ট

সাঙ্গাকারার সেঞ্চুরিতে শ্রীলংকার দাপট

আপডেট : ০৮ মার্চ ২০১৩, ২২:৩২
বাংলাদেশের বিপক্ষে সাঙ্গাকারার এমনিতেই অসাধারণ রেকর্ড। এই গল টেস্টের আগের সর্বশেষ দুই ইনিংসে দুটি অপরাজিত ডাবল সেঞ্চুরি করেছেন। গতকালও সে পথেই হাঁটছিলেন। শেষ পর্যন্ত সাঙ্গাকারা ডাবল সেঞ্চুরি করতে না পারলেও তার ১৪২ রানে ভর করে গল টেস্টের প্রথম দিনেই ৩ উইকেটে ৩৬১ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। বৃষ্টির জন্য ৪.৩ ওভার আগে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সারাদিন শ্রীলঙ্কারই দাপট ছিল। বাংলাদেশের হয়ে লঙ্কানদের ৩টি উইকেটই তুলে নিয়েছেন অফস্পিনার সোহাগ গাজী। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরুর আগ পর্যন্ত অপেক্ষা করে ওপেনার তামিম ইকবালকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাট করতে হয়নি বাংলাদেশকে। টসে জিতে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন সাঙ্গাকারা, দিলশান, থিরিমানেরা। বাংলাদেশের দুই পেসার আবুল হোসেন ও শাহাদাত হোসেন এই গলের উইকেটে চরম অকার্যকর বলে প্রমাণিত হয়েছেন। শ্রীলঙ্কার ইনিংসে কোনোরকম আঁচড় কাটতে পারেননি তারা। দলীয় ৪৬ রানে শাহাদাতের খাটো লেন্থের একটা বল পুল করতে গিয়ে আঘাত পেয়ে সাময়িকভাবে মাঠ ছাড়েন তরুণ ওপেনার দিমুথ করুনারত্নে। এই সময় উইকেটে এসেই দিলশানকে নিয়ে দারুণ আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন সাঙ্গাকারা। ৬৩ বলে ৫৪ রান করে সাবেক অধিনায়ক দিলশান সোহাগের বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেলেও সাঙ্গাকারার দাপট চলতে থাকে। তার সঙ্গে আবার উইকেটে এসে যোগ দেন করুনারত্নে। ৪১ রান করে এলবিডব্লু হয়ে যান তিনিও। এরপরই লাহিরু থিরিমানের সঙ্গে দিনের সেরা জুটিটা গড়েন সাঙ্গাকারা। পঞ্চম উইকেটে এই দু’ জন যোগ করেন ১২৪ রান। এর মধ্যে সাঙ্গাকারার একার অবদানই ৭১ রান। এই জুটি চলা অবস্থায় নিজের ৩১তম সেঞ্চুরিতে পৌঁছে যান লঙ্কান এই গ্রেট ব্যাটসম্যান। মাত্রই এই টেস্টে দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ফেরার পর ব্যাটিং দেখে একটা পর্যায়ে মনে হচ্ছিল, আরেকটি ডাবল সেঞ্চুরি করেই ফেলবেন। শেষ পর্যন্ত টানা তিন ডাবল সেঞ্চুরি তাকে করতে দেননি সোহাগই। ২২৬ বলে ১৬টি চার ও ৩টি ছয়ে সাজানো সাঙ্গাকারার ১৪২ রানের ইনিংস শেষ হয়ে সোগাহকে তুলে খেলতে গিয়ে। সাঙ্গাকারার ফেরার পর আর কোনো বিপদে পড়তে হয়নি শ্রীলঙ্কাকে। দিনের শেষ সময়টা থিরিমানকে নিয়ে নিরাপদে কাটিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক ম্যাথুস। দিনশেষে ৭৪ রান নিয়ে থিরিমানে এবং ২৫ রান নিয়ে ম্যাথুস ব্যাট করছেন। বৃষ্টি এসে আগেভাগে খেলা শেষ করে দেয়ায় আজ নির্ধারিত সময়ের ১৩ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা আছে।