বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি পাওয়ার পরও পরীক্ষা না নেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে তালা লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিভাগের ২০০৮-০৯ বর্ষের শিক্ষার্থী মো. মোশারফ হোসেন শাহ্ ২০১১ সালের প্রথমবর্ষের পরীক্ষায় তিনটি বিষয়ে ফেল করেন। পরবর্তীতে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করলেও কৃতকার্য হতে পারেননি। এমতাবস্থায় পরবর্তীতে আবারও মানোন্নয় পরীক্ষা দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যের সুপারিশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক গত বছরের ১২ ডিসেম্বর প্রতি বিষয়ে এক হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে তাকে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করেন। কিন্তু বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোহম্মদ সালেহ জহুর পরীক্ষা নিতে অস্বীকৃতি জানান।
এর প্রতিবাদে শনিবার সকাল নয়টার দিকে মোশারফ ও তার কয়েকজন বন্ধু বিভাগের সকল শ্রেণী কক্ষ, অফিস ও সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বিভাগে গিয়ে তালা ভেঙ্গে ফেলেন। এরপর ঐ শিক্ষার্থীরা বেলা ১২টার দিকে দ্বিতীয় দফায় বিভাগে তালা লাগিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা নেয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
