প্রথম ইনিংসেই বাংলাদেশের উপর রানের বোঝা চাপিয়ে দিয়েছে স্বাগতিক শ্রীলংকা। দিনশেষে অবশ্য মোহাম্মদ আশরাফুল ও মোমিনুল হকের জুটি আশা জাগাচ্ছে বাংলাদেশকে। কিন্তু প্রথম ইনিংসে স্বাগতিকদের ছুঁড়ে দেয়া ৫৭০ রানের জবাবে বাংলাদেশ দিনশেষে প্রথম ইনিংসে তুলেছে দুই উইকেটে ১৩৫ রান। এখনো ৪৩৫ রানে পিছিয়ে সফরকারীরা। কিন্তু গতকাল শনিবার দিনের তৃতীয় সেশনে আশরাফুল ও মোমিনুলের ব্যাটিং ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।
গতকাল দিনের প্রথম সেশনে একশ’ এবং দ্বিতীয় সেশনের দেড় ঘন্টা ব্যাটিং করে শ্রীলংকা যোগ করে ২০৯ রান। এর মধ্যে তারা শুধু এঞ্জেলা ম্যাথুয়েসকে হারায়। এছাড়া দিনের সাড়ে তিন ঘন্টা উইকেটে রাজত্ব করেছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া দুই শ্রীলংকান লাহিরি থ্রিমানে ও দিনেশ চান্দিমল। থ্রিমানে ১৫৫ ও চান্দিমল ১১৬ রানে অপরাজিত ছিলেন। শুক্রবার কুমারা সাঙ্গাকারার সেঞ্চুরির পর গতকাল এই দুই ব্যাটসম্যানের সেঞ্চুরিতে গল টেস্ট পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকা পঞ্চমবারের মত পাঁচশ’রও বেশি রান করেছে। শুধু তাই নয়, এক ইনিংসে শ্রীলংকানদের তিনটি সেঞ্চুরি কিংবা এর চেয়ে বেশি সেঞ্চুরির ঘটনা এর আগে স্বাগতিকদের ১০বার রয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে এর আগে একবার ঘটেছে।
সাকিব-তামিম-নাফীস ব্যতীত বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন জহুরুল ইসলাম ও এনামুল হক বিজয়। জুটিটা বেশি দূর এগোয়নি। ২৩ রানের মাথায় জহুরুল এবং ৬৫ রানের মাথায় বিজয়ের ফিরে যাওয়ার পর মূলত দলের হাল ধরেন আশরাফুল ও মোমিনুল। গতকাল আশরাফুল পেয়ে যান ক্যারিয়ারের নবম এবং শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ফিফটি। দিনশেষে ১০৮টি বল খেলে ৬৫ রানে তিনি এবং ৫১ বল খেলে ৩৫ রানে অপরাজিত রয়েছেন মোমিনুল।
