নির্বাচনকালীন সরকার পদ্ধতি প্রধান দুই দলকে ঠিক করতে হবে

আপডেট : ০৯ মার্চ ২০১৩, ২২:২৬
আগামী সংসদ নির্বাচনকালীন সরকার পদ্ধতি ঠিক করতে সরকারি ও বিরোধীদলকে আলোচনার আহ্বান জানালেন দেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। তিনি বলেন, নির্বাচন খুবই কাছাকাছি, মাত্র আট মাস বাকি। আগামী সংসদ নির্বাচন কখন হবে এবং কীভাবে হবে তা সরকারি দল ও বিরোধী দলকে আলোচনা করেই ঠিক করতে হবে। গতকাল শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর বসুন্ধরা সিটিতে ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার’ নিয়ে মক পার্লামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের প্রধান বিরোধীদলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্লামেন্টের দুটি অংশ রয়েছে। একটি সরকারি দল। আর একটি বিরোধীদল। এক্ষেত্রে বিরোধীদলের অবস্থান ছাড়া পার্লামেন্ট খোঁড়া হয়ে যায়। সংসদে সরকারি ও বিরোধীদলের সমান দায়িত্ব আছে। এই সভার মাধ্যমে আমি বিরোধীদলকে অনুরোধ করব তারা যেন সংসদে যান। তেমনি সরকারি দলকে বলব বিরোধীদল সংসদে গেলে টিটকিরি মেরে ও ধিক্কার দিয়ে কিছু বলবেন না। তারা এসেছে বলে স্বাগত জানাবেন। দুইপক্ষই ভালোভাবে একে অন্যের প্রতি সম্মান দেখিয়ে সংসদের কার্যক্রম চালাবেন। তিনি বলেন, বিরোধীদল এবং সরকারি দলকে একে অপরের প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠনমূলক কাজ করতে হবে। গণতন্ত্রের প্রতি সম্মান দেখাতে হবে। প্রবীণ এই আইনজীবী আরো বলেন, কেয়ারটেকার সরকারের কি রূপরেখা হবে তা বিরোধীদল এখনো বলেনি। অপরদিকে সরকারি দল অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছে। জামায়াতে ইসলামীকে নিয়ে যে প্রশ্ন উঠেছে তা সরকারের সুরাহা করতে হবে এবং এ বিষয়টি স্পষ্ট করতে হবে বলে তিনি মত দেন। নির্বাচনের ইশতেহার নিয়ে মক পার্লামেন্ট প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিরোধীদল হিসেবে অংশগ্রহণ করে প্রাইম ইউনিভার্সিটি।