রাজধানীর শাহবাগ মোড়ের তিন দিকের সড়ক যান চলাচলের জন্য গতকাল উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিকালে শাহবাগ-কাঁটাবন, শাহবাগ-মত্স্যভবন, শাহবাগ-রূপসী বাংলা সড়কগুলোর ব্যারিকেড তুলে নেয়ায় ঐ সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করছে। গতকাল বিকাল পৌনে চারটার দিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল শুরু করে। তবে শাহবাগ থেকে টিএসসির দিকে যাওয়ার সড়কটি বন্ধ রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ মোড় অবরোধ করে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কে নিরাপত্তা ব্যারিকেড তৈরি করে। এর মধ্যে তিন দফায় ঐ ব্যারিকেড সরিয়ে দিয়ে যান চলাচলের অনুমতি দিলেও জনসমাগম বৃদ্ধি এবং নিরাপত্তাজনিত কারণে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
গতকাল বিকালে শাহবাগে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট জাকির জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ মোড়ের তিন দিকের ব্যারিকেড তুলে নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যান চলাচল অব্যাহত থাকবে। তবে মঞ্চস্থলে প্রবেশকারীদের তল্লাশি করার ব্যবস্থা রয়েছে।
