পাকিস্তানের নারী শিক্ষা বিস্তারের আন্দোলনকর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাই নোবেল শান্তি পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন। চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ২০৯ জন ব্যক্তির মধ্যে নিজের স্থান করে নিয়েছেন মালালা। নোবেল ইনস্টিটিউট জানান, আসছে অক্টোবরে এ পুরস্কার ঘোষণা করা হবে। এছাড়া নোবেল পুরস্কারের জন্য ৫০ সংগঠনও মনোনীত হয়েছে।
নোবেল ইনস্টিটিউটের প্রধান লন্ডস্টাড বলেন, নোবেলের জন্য প্রাথমিকভাবে মনোনীতদের সংখ্যা প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কারের জন্য বেরিয়ে আসছে যোগ্য ব্যক্তিদের নাম। নোবেল ইনস্টিটিউটের মতে, নোবেলের জন্য গতবছর ২৪১ জন ব্যক্তি মনোনয়ন পেয়েছিলেন, তবে মনোনীত ব্যক্তিদের নামের তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। এক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, সাবেক নোবেলবিজয়ী এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ হাজার হাজার প্রার্থী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। উল্লেখ্য, গতবছর তালেবানদের গুলিতে মাথায় আঘাত পাওয়া ১৫ বছর বয়সী পাকিস্তানী কিশোরী মালালা ছাড়াও তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং মিয়ানমারের সংস্কারপন্থী প্রেসিডেন্ট থেইন সেইনসহ আরও অনেকে।
