মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ গতকাল রবিবার যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। এর আগে যুক্তিতর্ক উপস্থাপনে প্রস্তুতির জন্য গতকাল সকালে সাত দিনের সময় চেয়ে আসামিপক্ষ আবেদন করে। ট্রাইব্যুনাল আবেদন নাকচ করলে যুক্তি উপস্থাপন শুরু হয়। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আসামি পক্ষের আইনজীবী মিজানুল ইসলাম কার্যক্রম মুলতবি চাইলে ট্রাইব্যুনাল বলেন, কাল হরতাল হলে কী হবে। তখন মিজানুল ইসলাম বলেন, আমার পক্ষে আসা সম্ভব হবে না। তখন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর বলেন, আমরা আগেই বলেছি প্রয়োজনে নিরাপত্তা দিয়ে ট্রাইব্যুনালে আনার ব্যবস্থা করা হবে। মিজানুল ইসলাম তখন বলেন, পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা নেই। কারণ তারা সরকারের নির্দেশনার বাইরে কোনো কাজ করে না। তখন বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, হরতাল হলে আমরা মুলতবি দেব না। ট্রাইব্যুনাল অন্য একজনকে পাঠানোর জন্য বললে মিজানুল ইসলাম তখন বলেন, আমি অনুরোধ করবো। কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে না।
গোলাম আযমের বিরুদ্ধে গত ৪ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। সেদিন আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের জন্য ৭ মার্চ দিন ধার্য করে ট্রাইব্যুনাল। কিন্তু সে দিন হরতাল থাকায় গোলাম আযমের পক্ষে কোন সিনিয়র আইনজীবী আদালতে হাজির হয়নি। পরে আসামিপক্ষের জুনিয়র আইনজীবী আসাদ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে গতকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ট্রাইব্যুনাল দিন ধার্য করে।
